দুর্ঘটনায় নিহত নার্স
দি নিউজ লায়ন ; ছেলের মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক নার্সের। পুলিশ জানিয়েছে, মৃতার নাম স্বপ্নারানি বর্মণ(৫২), তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার স্কুলপাড়া এলাকায়। তিনি হেমবাতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সের পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন স্বপ্নারানির ছেলে সুমন।
শুক্রবার রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ওই মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতার স্বামী নিত্যানন্দ বর্মন জানিয়েছেন, প্রতিদিনের মতো গত এদিনও মৃতার ছেলে সুমন বর্মন তার মাকে স্কুটিতে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ি ফেরার পথে হেমতাবাদ থানার দুধুন্ডা এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্যসড়কে একটি গাড়ির সঙ্গে তাঁদের স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার জেরে স্বপ্না ও সুমন রাস্তার ধারে ছিটকে পড়েন। তাঁদের মাথায় চোট লাগে। বাসিন্দারা এরপর আশঙ্কাজনক অবস্থায় স্বপ্না ও সুমনকে রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কিন্তু স্বপ্নার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

Post a Comment